মাধবপুরে চা শ্রমিকদের নাট মন্দির সংস্কার দিয়ে যাত্রা শুরু সৈয়দ ফয়সলের
মাধবপুর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। এ অঞ্চলের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চা শ্রমিকদের দাবি অনুসারে হাতিমারা চা বাগানের নাট মন্দির সংস্কার দিয়ে যাত্রা শুরু হলো তাঁর। এই ঘোষণায় বাগান এলাকায় আনন্দের বন্যা বইছে চা শ্রমিকদের মাঝে।
হাতিমারা চা বাগানের বাসিন্দা শেফালি মুন্ডা জানান, অনেক কষ্টে জীবন যাপন করেন তারা। সারাবছর অভাব লেগেই থাকে। এর মাঝে বেহাল নাট মন্দিরের উন্নয়ন অসম্ভব ছিল। শপথের দিনই এমপি সৈয়দ ফয়সল ওই মন্দিরের সংস্কার কাজের সূচনা করেন। চা শ্রমিকরা আশাবাদী, তাঁর হাত ধরে দুর্দিনের অবসান ঘটবে তাদের। চা বাগানের শ্রমিক নেতারা জানান, এমপি ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদের মাধ্যমে মন্দির সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সল। এমপি হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার দিনই বাগানে শুরু হয়েছে নাট মন্দিরের সংস্কার কাজ।
নির্বাচনের আগে সৈয়দ ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ ২৮টি চা বাগানসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও ধর্মীয় স্থাপনার অবস্থা দেখে তিনি উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার রক্ষার সূচনা হলো প্রথম দিনই।
হাতিমারা চা বাগানের দীর্ঘদিনের অবহেলিত নাট মন্দির সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে মন্দিরটির অবস্থা ছিল জরাজীর্ণ। এখন সংস্কার কাজ শুরু হওয়ায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নতুনভাবে প্রাণ ফিরে পাবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, এই নির্বাচনে বাগানের মানুষ সৈয়দ মো. ফয়সলকে উজাড় করে সমর্থন দিয়েছে। তিনি প্রথম দিনই প্রমাণ করলেন, সেই সমর্থনের যোগ্য তিনি। তারা তাঁর কথার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। সেই আস্থার প্রতিফলন দৃশ্যমান।
কয়েক দিন আগে চন্ডিছড়া চা বাগানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এখন নাট মন্দিরের কাজ শুরু হয়েছে। চা শ্রমিকরা আশা করছেন, মাধবপুর ও চুনারুঘাটের শ্রমিকরা এবার সত্যিই ঘুরে দাঁড়াবে।
এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মাধবপুর-চুনারুঘাটের যেখানেই সুযোগ পাব, মনপ্রাণ দিয়ে কাজ করব। নির্বাচিত এমপি সৈয়দ মো. ফয়সল শতভাগ সততার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চাই। বিশেষ করে চা শ্রমিকদের এই বিবর্ণ জীবন বদলে দিতে কাজ করব আমরা। যাতে এ অঞ্চলের চা বাগানগুলো শ্রমিকদের হাত ধরে জাতীয় অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।




