ছেলেকে রাস্তায় ফেলে মারধর, অভিযোগ নিয়ে থানায় মনিরা মিঠু
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এমন দাবি করেছেন মিঠু।
একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লিখেছেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে আমার গাড়িতে ধাক্কা দেয়। পরে দুইজন লোক আমার বড় ছেলে উপন্যাসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। সেই সঙ্গে আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ধারণ করা হয়েছে।’
অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নাম্বার প্রকাশ করে জানিয়েছেন, গাড়িটির নাম্বার ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫।’
ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মনিরা আক্তার মিঠু সমকালকে বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় আসছে। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব।’
তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা সমকালকে বলেন, ‘মনিরা আক্তার মিঠু মাত্রাই থানায় এসেছেন। তিনি ঠিক কি অভিযোগ নিয়ে এসেছেন তা এখনো আমরা শুনিনি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’




