সিলেটে সংরক্ষিত নারী আসনে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটে শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার লড়াই। দলীয় মনোনয়ন পেতে ও কেন্দ্রীয় পর্যায়ে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন চার জেলার অন্তত ১০ জন নারী নেত্রী। সিলেট বিভাগে সংরক্ষিত নারী আসনে মূলত দুইজনের ভাগ্য খুলতে পারে—এমন আলোচনা ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে।
এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের উল্লেখযোগ্য অংশ বিএনপির পক্ষে যাওয়ায় দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে সক্ষম হয়েছে—এমন দাবি করছেন দলীয় নেতাকর্মীরা। তবে সংখ্যালঘু কোটায় মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব না পাওয়ায় তৃণমূল পর্যায়ে এক ধরনের অসন্তোষ রয়েছে। এর প্রেক্ষাপটে সিলেটে সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠ আরও জোরালো হয়েছে।
তাদের দাবি—সাবেক কাউন্সিলর দিবা রানী দে বাবলী-কে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে সংখ্যালঘুদের যথাযথ মর্যাদা দেওয়া হোক।
দিবা রানীকে ঘিরে প্রত্যাশা
সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর দিবা রানী দে বাবলী দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। দলীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ আমলে তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের চাপ ও হয়রানির শিকার হয়েছেন। তৃণমূলের ভাষ্য, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, সংখ্যালঘু ভোটারদের সমর্থন বিএনপির পক্ষে আসার পেছনে দিবা রানীর মতো নেত্রীদের তৃণমূল পর্যায়ের যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এবার তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা রাজনৈতিকভাবে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন অনেকে।

সংরক্ষিত আসনের আলোচনায় থাকা অন্য নেত্রীদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি শাম্মী আক্তার, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সৈয়দা আদিবা হোসেন, সাবিনা খান পপি, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম ও সালমা নজির।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে ত্যাগী নেতাদের মূল্যায়ন, সংখ্যালঘু প্রতিনিধিত্ব এবং মাঠপর্যায়ের সক্রিয়তা গুরুত্বপূর্ণ বিবেচ্য হতে পারে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে কার ভাগ্যে শিকে ছিঁড়বে—তা নিয়ে সিলেটজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।




