মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘটনাটি ঘটে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে। জানা যায়, ভৈরববাজার (শাহপুর) এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন সিএনজি চালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহান মিয়ার বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনটি মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




