রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে জৈন্তাপুরে মোবাইল কোর্ট অভিযান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ও ফতেহপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তাফা।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
অভিযানকালে বাজারের প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি রাস্তার ওপর দোকান না বসানো এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় ফতেহপুর বাজার পরিদর্শনে দেখা যায়, লেবু ৫০ টাকা হালি, আলু ২০ টাকা কেজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। এছাড়া দেশি মাছের দামও ক্রয়সীমার মধ্যে রয়েছে বলে জানানো হয়। তবে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





