হবিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখে লেবু ফেলে পালাল বিক্রেতা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
হবিগঞ্জ শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দেখে দোকান রেখে পালিয়ে গেলেন লেবু ব্যবসায়ী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌধুরীবাজারে এ ঘটনা ঘটে।
এদিকে সাধারণ মানুষ বলছেন, রমজানকে কেন্দ্র করে হবিগঞ্জে লেবু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। ৪০ টাকা হালির লেবু ১২০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
এসময় আশপাশের কোথাও খুঁজে পাওয়া যায়নি ওই লেবু ব্যবসায়ীদের। তবে পেঁয়াজে অতিরিক্ত মূল্য রাখায় অপর এক মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
সহকারী পরিচালক জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের চৌধুরীবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাঁচাবাজারে লেবু ব্যবসায়ীরা অভিযানের খবর পেয়ে দোকান রেখে পালিয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।
অভিযানকালে নারিকেল হাটে মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ‘সেন্টু স্টোর’কে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ফল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, অভিযানে প্রায় ১০ কেজি পচা ও নষ্ট নুডলস উদ্ধার করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাকিব হোসাইনসহ জেলা আনসারের একদল সদস্য সহায়তা প্রদান করেন।




