তাহিরপুরে নিয়মিত অভিযানে ৩ আসামি গ্রেফতার ও নৌকা জব্দ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অপরাধীদের ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাও জব্দ করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি এসআই হাফিজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর গ্রামের মো. রতন মিয়া, আমবাড়ি গ্রামের রাসেল মিয়া এবং সোনাপুর গ্রামের মো. মনির।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত নৌকাগুলো ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা করা হয়েছে।
ইতিমধ্যেই গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধে তাদের এই ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




