গোয়াইনঘাটে পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর মসজিদ থেকে ফেরার পথে লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পাশে বাঁশ ঝারের নিচে এ ঘটনা ঘটে। আহত মঞ্জুর আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিম পাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ পড়তে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে যায় মঞ্জুর। পরে সকালে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচে গুরুতর আহত অবস্থায় মঞ্জুর আহমদকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোন অপরাধমূলক ঘটনার ফল তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
মঞ্জুর আহমদের বড় ভাই বদরুল ইসলাম বলেন, সেহরির পর ফজরের নামাজ পড়তে যায় মঞ্জুর। সেহরির পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সকালে খবর পাই পাশের বাড়ির একটি ফাঁকা জায়গায় গোপনাঙ্গ কাটা অবস্থায় পরে আছে মঞ্জুর। কিভাবে এ ঘটনা ঘটেছে মঞ্জুর কিছুই বলেনি। মনজুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।
সালুটিকর পুলিশ অফিসার এএসআই সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং কাটা পুরুষাঙ্গ তার বাড়ি থেকে উদ্ধার করি। ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আত্মীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে একটি রশি উদ্ধার করি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
তিনি আরও বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না তবে তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়নি।





