দিরাইয়ে বিএনপি নেতার ওপর হামলার ২৮ দিন পর মামলা দায়ের
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় ২৮ দিন পর মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে দিরাই থানায় তিনি বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর -১৩, তারিখ- ২১/০২/২০২৬ ইং।
মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যরা হলেন- দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও যুবদল নেতা ফয়সল সরদার। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির চৌধুরীর সমর্থনে গত ২৫ জানুয়ারি শাল্লা উপজেলায় এক উঠান বৈঠকে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে তাহির রায়হান চৌধুরী পাবেল ও আজমল হোসেন চৌধুরীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ওইদিন সন্ধ্যায় ফেরার পথে দিরাই পৌর শহরের সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় আজমল হোসেন চৌধুরীর ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।
জাবেদের দাবি, নির্বাচনকে সামনে রেখে স্থানীয় কিছু নেতার মধ্যস্থতার কারণে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ভুক্তভোগী আজমল হোসেন চৌধুরী জাবেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




