গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি, সিলেট
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী সড়কে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আজ সন্ধ্যায় উপজেলার হাতিরপাড়া কালভার্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন (২২) উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামের আব্দুল হকের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের দাতারী গ্রামের মৃত ইছা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৭) এবং যাত্রাভা গ্রামের জমির উদ্দিনের ছেলে ইয়ামত (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারী সড়কে সংস্কারকাজ চলছিল। সংস্কারাধীন সড়কের একটি অসমান অংশে মোটরসাইকেলটির সঙ্গে দ্রুতগতির একটি ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






